গান, স্মৃতি আর শ্রদ্ধায় ছায়ানটে সুফিয়া কামালের জন্মবার্ষিকী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ২২:৩০
গান, স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদযাপন করেছে ছায়ানট। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে কবির জীবন, আদর্শ ও সাংস্কৃতিক আন্দোলনে তার অবদানের নানা স্মৃতি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ছায়ানটের জয়ন্ত রায়। পরে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান। তিনি গেয়ে শোনান ‘আজি তোমায় আবার চাই’ ও ‘দীপ নিভে গেছে মম’।
গানের ফাঁকে সুফিয়া কামালকে ঘিরে ছায়ানট পরিবারের স্মৃতিচারণ করেন ইফফাত আরা। তিনি বলেন, জন্মদিনে শিল্পীরা ফুল নিয়ে সুফিয়া কামালের বাসায় যেতেন, গান শোনাতেন। সনজিদা খাতুন, ওয়াহিদুল হকসহ সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষের উপস্থিতিতে দিনটি হয়ে উঠত মিলনমেলায়।
সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল মায়ের ব্যক্তিজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে পরিচিত হলেও ঘরের ভেতরে সুফিয়া কামাল ছিলেন অত্যন্ত স্নেহশীল ও পরিবারমুখী মানুষ। সন্তান, স্বজন ও প্রতিবেশীদের প্রতি তার মমত্ব ছিল অসাধারণ।
পরে নজরুলসংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল। গান পরিবেশনের আগে তিনি সুফিয়া কামালকে স্মরণ করে বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দেশের নানা সাংস্কৃতিক আন্দোলনে তার সাহচর্য ও পরামর্শ ছায়ানটকে পথ দেখিয়েছে।
ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ভাষা আন্দোলন, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, রবীন্দ্রসংগীত নিষিদ্ধের প্রতিবাদ এবং মুক্তিযুদ্ধ—স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে সুফিয়া কামালের সক্রিয় উপস্থিতি ছিল।
তিনি বলেন, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সমঅধিকারের যে স্বপ্ন সুফিয়া কামাল দেখেছিলেন, তা বাস্তবায়নে তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। আপসহীন অবস্থান ও সাংস্কৃতিক নেতৃত্বের মাধ্যমে তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে গেছেন।
অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন মহুয়া মঞ্জরী সুনন্দা ও বিজনচন্দ্র মিস্ত্রী। তাদের পরিবেশনায় অতুলপ্রসাদ ও নজরুলসংগীতের নির্বাচিত গান অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
পুরো অনুষ্ঠানজুড়ে যন্ত্রানুষঙ্গে সংগত করেন মন্দিরাশিল্পী প্রদীপ কুমার রায় ও তবলাশিল্পী ইফতেখার আলম ডলার। সুফিয়া কামালের জীবন ও আদর্শকে স্মরণ করে আয়োজিত এ অনুষ্ঠান শেষ হয় গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে।
- বিষয় :
- গান
- স্মৃতি
- ছায়ানট
- জন্মবার্ষিকী
