আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা করছে সরকার। এ পরিস্থিতিতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে– এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে সতর্কতা জারি করেছে।
পাশাপাশি জোরদার করা হয়েছে পুলিশের অভিযান ও তল্লাশি। এরই মধ্যে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গণভবন এলাকায় যুবলীগের মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকাসহ অন্যান্য জায়গা থেকেও মিছিল বা মিছিলের চেষ্টাকালে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হন।
এ নিয়ে গতকাল শনিবার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এদিন সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তারা (আওয়ামী লীগ) দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা তৎপর এবং যে কোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা নস্যাৎ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য করে না। বরং এটি একটি ‘মাফিয়া দল।’ দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এ অবস্থায় তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, ২৩ জুন ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন বা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের চেষ্টা করতে পারে। এ ধরনের কার্যক্রমের জেরে ছাত্র আন্দোলন ও অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতের শঙ্কা রয়েছে। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সারাদেশের থানাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলছে।
গত শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার খবর নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে দলটির জন্ম হয়। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে গত বছরের মতো এবারও দিনটি পালনের সুযোগ পাচ্ছে না আওয়ামী লীগ। যদিও ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আগেও প্রতিবছরই ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে আসছিল দলটি।
গণঅভ্যুত্থান-পরবর্তী ড. ইউনূসের সরকার ২০২৫ সালের মে মাসে নির্বাহী আদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সংসদে আইন পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
এদিকে প্রকাশ্যে কর্মসূচি পালনের সুযোগ না পেলেও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন ভার্চুয়ালি আলোচনা সভাসহ বেশকিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ ও ই-মেইলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ, বনানী কবরস্থান ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন, প্রচারপত্র বিলি, মিলাদ-দোয়া মাহফিলসহ বেশ কিছু কর্মসূচি পালন করা হবে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া ২৩ থেকে ৩০ জুন সহযোগী সংগঠনগুলোর ব্যানারে ভার্চুয়ালি আলোচনা সভার কথাও বলা হয়েছে।
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের নিউমার্কেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মিছিল করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান শুরু করে পুলিশ। নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের ব্যানারে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
নগরের কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, নিউমার্কেট এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
কুষ্টিয়া যুবলীগের মোটরসাইকেল শোডাউন
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল শোডাউন করেছে যুবলীগের নেতাকর্মীরা। গত শুক্রবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের কালুরমোড়-সংলগ্ন পুলিশ বক্স এলাকা থেকে শোডাউন শুরু হয়। পরে সড়কের সৈয়দ মাছউদ রুমী সেতুতে গিয়ে শোডাউন শেষ করেন তারা। সেই ভিডিও রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেনকে স্লোগান দিতে দেখা যায়। অধিকাংশ নেতাকর্মী ছিলেন মাস্ক ও হেলমেট পরা।
- বিষয় :
- নাশকতা