ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

শ্রীরামচন্দ্রের মূর্তির অবমাননার প্রতিবাদ

‘সাম্প্রদায়িক সম্প্রীতি চাই নিরাপত্তা চাই’

দেশের নানা জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

‘সাম্প্রদায়িক সম্প্রীতি চাই নিরাপত্তা চাই’
×

সুনামগঞ্জের আলফাত স্কয়ার এলাকায় শনিবার অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের মূর্তির অবমাননা ও সারাদেশে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল শনিবার এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, নিরাপত্তা চাই। গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার যে হুমকি দেওয়া হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
কিশোরগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরের কালীবাড়ি প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মৃদুল মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কালীবাড়ির সভাপতি অসীম সরকার বাঁধন, সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়, বীর মুক্তিযোদ্ধা মাধব গোবিন্দ দাস, জেলা সনাক সভাপতি স্বপন কুমার বর্মণ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, প্রাক্তন শিক্ষক অনিল চন্দ্র পণ্ডিত ও সীমা নাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের সভাপতি পান্না দত্ত রায়, সাধারণ সম্পাদক চন্দ্রা সরকার প্রমুখ।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ বলেন, গত নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে এই প্রত্যাশা নিয়ে, বাংলাদেশে চিরাচরিত অসাম্প্রদায়িক পরিবেশ বজায় থাকবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, পলাশবাড়ীর ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করুন।  
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল বেলা ১১টায় শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক সমাবেশে বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সম্পাদক স্বপন কুমার দাস, অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক নির্মল চক্রবর্তী, সমীর কুমার দাস, রঞ্জন কুমার বসু প্রমুখ। 

সুনামগঞ্জে গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখরিত হয় আলফাত স্কয়ার এলাকা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশ চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি কুচক্রী মহল বারবার সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং দেব-দেবীর অবমাননা করে দেশের শান্ত পরিবেশকে ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। 

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, লোকনাথ সেবাসংঘের সভাপতি মতিলাল চন্দ, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের সভাপতি হিমাদ্রি রায় প্রাপ্ত, সৎ-সংঘের সভাপতি অ্যাডভোকেট কুশল রাজ পাল, সনাতনী যুবসমাজের রিংকু চৌধুরী, মহিতোষ চৌধুরী, লিপন বৈদ্যসহ অন্য নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার পাদদেশে উপজেলা পূজা উদযাপন পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সুব্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সরকার, সদস্য গণেশ দত্ত, ভজন চৌধুরী, বাবলু ভৌমিক প্রমুখ। 
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)

আরও পড়ুন

×