ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৩:৩৮

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। একই সঙ্গে রোগীবান্ধব এ হাসপাতালের কার্যক্রম আইনসিদ্ধ উপায়ে অতিদ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠিতে এ সংহতি প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, আদ্‌-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে লাখো দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ স্বল্প খরচে চিকিৎসাসেবা পেয়েছেন। সম্প্রতি হাসপাতালটিতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারস্থ আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলে মনে করে গণস্বাস্থ্য কেন্দ্র।

চিঠিতে আরও বলা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত আদ্‌-দ্বীন হাসপাতালের এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পাশে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতার মাধ্যমে চলমান অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের মতে, সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম দ্রুত পুনরায় চালু হওয়া প্রয়োজন। একই সঙ্গে গরিব মানুষের চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

×