মিয়ানমারে আটক ২৭ জেলেকে ফেরাতে স্বজনদের মানববন্ধন
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৮:২৫
মিয়ানমারের রাখাইন রাজ্যে আটক ২৭ বাংলাদেশি জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে তাদের স্বজনরা শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
জেলে পরিবারগুলোর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২৫ মার্চ জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। পরে মিয়ানমার নৌবাহিনী তাদের আটক করে রাখাইন রাজ্যের আকিয়াব (সিত্তে) এলাকায় নিয়ে যায় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।
আটক জেলেদের মধ্যে রয়েছেন—ভোলার চরফ্যাশনের মো. রফিক ও মো. লোকমান; নোয়াখালীর মো. আরিফুর রহমান, মজিবুর রহমান (মজিব), মো. শাহজাহান, জাবের হোসেন, মেটি তাহমীদ, মো. তামজীদ ও মো. সোহাগ; চট্টগ্রামের নুরুল আবছার, মো. আনোয়ার হোসেন, ইয়াকুব, মো. ওমর ফারুক ও মো. লিটন; কুমিল্লার জোবায়ের আহমেদ ও মো. সোহাগ হোসেন; লক্ষ্মীপুরের মো. জুয়েল, মো. আজিজ উল্লাহ, মো. নীরব, মো. রাকিব হোসেন, মো. মেজবাহ উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফরহাদ হোসেন; পিরোজপুরের মো. কামাল হোসেন; কক্সবাজারের তারেক রহমান এবং নোয়াখালীর হাতিয়া এলাকার মো. ফয়সাল ইসলাম রাব্বি।
মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা বলেন, দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্যরা কারাগারে থাকায় তাদের পরিবার চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছে। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। শিশুসন্তানরা বাবার অপেক্ষায় দিন গুনছে, বৃদ্ধ বাবা-মায়েরাও প্রিয়জনদের ফেরার আশায় উদ্বিগ্ন সময় পার করছেন।
এ সময় স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মানববন্ধনের সমন্বয়ক আশরাফুল আলম হান্নান বলেন, মানবিক বিবেচনায় আমরা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। তারা গত কয়েক মাস ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেছেন। কিন্তু এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে মানববন্ধনের আয়োজন করেছেন। আমরা আশা করি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আটক জেলেরা দ্রুত দেশে ফিরতে পারবেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করলে মিয়ানমারে আটক জেলেদের মুক্তি এবং দেশে প্রত্যাবর্তনের পথ সুগম হবে। তারা মানবিক কারণে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কর্মসূচি শেষে জেলে পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
