বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২২:১২
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। রোববার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের বৈঠক হয়।
জামায়াতে ইসলামীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর পরিণতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রদূত। এ সময় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর, ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- জামায়াতের আমির
- সাক্ষাৎ
- সুইডেন
- রাষ্ট্রদূত
