ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

শুভেন্দুকে থামাতে বললেন বিএনপির এমপি

শুভেন্দুকে থামাতে বললেন বিএনপির এমপি
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৯:২৯

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) জিএম সিরাজ। সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় তিনি বলেন, ‘মোদি সরকারকে আহ্বান জানাচ্ছি- সবিনয়ে একই সঙ্গে আমি বলতে চাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দ বাবুকে থামান। বাংলাদেশবিরোধী যেসব বক্তব্য আসছে মাঝেমধ্যে, তা ভারত-বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশে অপ্রাসঙ্গিক বলে ভারতকে মনে করান বগুড়া-৫ আসনের এমপি জি এম সিরাজ। তিনি বলেন, ‘আহ্বান করি যে, এখানে শেখ হাসিনা অপ্রসঙ্গিক। শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে। আউট অফ সিন এন্ড সে কোনদিনই বাংলাদেশে…।"

‘বিদেশি প্রভুর’ কারণে সমুদ্রের তেল গ্যাস তোলা হয়নি বলে মন্তব্য করেন জিএম সিরাজ। তিনি বলেন, ২০১৪ সালে সমুদ্র জয় হয়েছে। অনেক প্রচার হয়েছে কিন্তু সম্পদ তোলা যায়নি। এই সম্পদ তুলতে গেলে প্রভুদের নির্দেশ ছাড়া এবং তাদের দয়া ছাড়া আমরা তুলতে পারিনি।

বর্তমান সরকার সমুদ্র তলদেশের তেল গ্যাস উত্তোলনে দরপত্র আহ্বান করেছে। এই উদাহরণ দিয়ে জিএম সিরাজ বলেন, ‘বর্তমান সরকার এক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে। এবার কারো অনুমতি লাগেনি।’

জিএম সিরাজ বলেন, ‘আমরা সবাই চাই, ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনক সম্পর্ক। ভারত আমাদের প্রতিবেশী। বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়, স্বামী-স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে। তালাক হতে পারে। প্রতিবেশীর সম্পর্কে তালাক হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না। না ভারত পারবে, না বাংলাদেশ পারবে।

আরও পড়ুন

×