শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ২১:৫৯
বাংলাদেশের চিত্রকলা, শিশুতোষ সাংস্কৃতিক আন্দোলন ও পুতুলনাট্য চর্চার মাধ্যমে কয়েক দশক ধরে সৃজনশীলতায় এক স্বতন্ত্র ধারা নির্মাণকারী শিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার সকালে হাসপাতালে যান সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তাঁরা এই বরেণ্য শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিল্পীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন; পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন। মুস্তাফা মনোয়ারের চিকিৎসা সহায়তায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী নিতাই রায় চৌধুরী আর্থিক অনুদানের একটি চেক শিল্পীর পরিবারের হাতে তুলে দেন।
শিল্পী মুস্তাফা মনোয়ারের দ্রুত আরোগ্য কামনা করে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে অবদান রাখা ব্যক্তিদের যেকোনো প্রয়োজন ও সংকটে পাশে থাকার নীতি অনুসরণ করছে সরকার।
- বিষয় :
- শিল্পী
