জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৫:২১ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ০৫:২৬
আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের আইনজীবীরা নানাভাবে বিচার বিলম্বের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
গতকাল সোমবার নিজ কার্যালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের মামলায় আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি। কারণ আসামিপক্ষের আইনজীবী প্যানেলে রয়েছেন তারই বোন নাজনীন নাহার। তিনি প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে সময়ক্ষেপণের চেষ্টা করেন। কখনও আইনজীবীর অসুস্থতা বা মৃত্যু, আবার কখনও বিভিন্ন কাগজপত্র চেয়ে ট্রাইব্যুনালে আর্জি জানান। বিচার বিলম্বিত করতে এভাবেই শুনানির কার্যক্রম স্থগিত করতে চাইছেন এই আইনজীবী।
চিফ প্রসিকিউটর বলেন, এ মামলায় রোববার একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল। জেরার জন্য আজকের দিন নির্ধারিত ছিল। কিন্তু জিয়াউল আহসানের পক্ষে তিন-চারটি আবেদন করেন আইনজীবী নাজনীন নাহার। এর মধ্যে আমরা একটি ছাড়া বাকিগুলোর বিরোধিতা করেছি। অর্থাৎ আসামির সঙ্গে সাক্ষাৎ করতে চাওয়া হয়েছে, যা একজন আইনজীবীর অধিকার। পরে এ ব্যাপারে অনুমতি দেন ট্রাইব্যুনাল। তবে বাকি আবেদনগুলো একেবারেই অপ্রাসঙ্গিক ছিল।
আমিনুল ইসলাম বলেন, আসামিপক্ষ নানা প্রক্রিয়ায় গুমের মামলাটি বিলম্বিত করতে চায়। তারা ট্রাইব্যুনালে এসে শুধু সময়ক্ষেপন করছেন। এটা খুব ভালো লক্ষণ নয়। আগামী ২৮ জুন অবশিষ্ট জেরার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে, ওইদিন থেকে জিয়াউল আহসানের যেকোনো কলাকৌশল বা পদক্ষেপ তথা তার আইনজীবীরা যদি কোনো অসৎ উদ্দেশ্যে আবেদন দিয়ে ফের কালক্ষেপণ করতে চান, তাহলে আরও কঠোরভাবে আমরা আপত্তি জানাবো।
ওয়াসিম হত্যা, অভিযোগ গঠনের শুনানি শেষ: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন।
আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ দিন ধার্য করেন।
