ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গণমাধ্যমে শুধু প্রশংসা নয়, ভুলত্রুটিও তুলে ধরার আহ্বান কৃষিমন্ত্রীর

গণমাধ্যমে শুধু প্রশংসা নয়, ভুলত্রুটিও তুলে ধরার আহ্বান কৃষিমন্ত্রীর
×

এফএলজেএফ-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৮:৫০

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও বাস্তব চিত্র তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, শুধু সরকারের সাফল্য বা মন্ত্রীর বক্তব্যকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করলেই হবে না; মাঠপর্যায়ের সমস্যাগুলোও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে হবে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে খামারি, প্রান্তিক চাষি ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই খাতের কোথায় কী সমস্যা রয়েছে, সেটিও আপনারা তুলে ধরবেন। শুধু আমার বক্তব্য বা আমাকে প্রাধান্য দিয়ে সংবাদ করলে চলবে না। প্রান্তিক চাষি, খামারি এবং ভোক্তারা যাতে উপকৃত হন, সেটিই আমাদের বিবেচনায় থাকতে হবে।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে যেমন খামারি ও উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনা সামনে আসে, তেমনি মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন সীমাবদ্ধতা ও ত্রুটিও চিহ্নিত হয়। ফলে নীতিনির্ধারকদের জন্য বাস্তব পরিস্থিতি বোঝা এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সহজ হয়।

মন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ে অনেক তথ্য সাংবাদিকদের কাছে থাকে, যা অনেক সময় আমাদের কাছেও তাৎক্ষণিকভাবে পৌঁছায় না। আপনারা সেসব তথ্য তুলে ধরবেন, যাতে প্রকৃত চিত্র ফুটে ওঠে। সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন মন্ত্রণালয়ের কাজকে আরও কার্যকর করতে সহায়তা করে।

সাক্ষাতের শুরুতে এফএলজেএফের সভাপতি তরিকুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সংগঠনের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, গবেষণা, বাজারব্যবস্থা, খামারিদের স্বার্থরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, একসময় জাতীয় গণমাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাত তুলনামূলকভাবে কম গুরুত্ব পেত। তবে এই খাতের সাংবাদিকেরা ধারাবাহিকভাবে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করায় বিষয়গুলো গণমাধ্যম ও নীতিনির্ধারকদের নজরে এসেছে।

তিনি বলেন, আমরা শুধু সফলতা নয়, সমস্যা ও সীমাবদ্ধতাগুলোও তুলে ধরছি। একই সঙ্গে এই খাতের বিপুল সম্ভাবনাগুলো জনগণের সামনে তুলে ধরতে চাই, যাতে শিক্ষিত তরুণ উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হন।

সাক্ষাৎকালে এফএলজেএফের সহসভাপতি মোহাম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন ও শাহাদাৎ হোসেন বিপ্লব এবং সদস্য গোলাম সামদানি ভূইয়া, আনিসুর রহমান তপন, আরিফুর রহমান ও শাহাদাত হোসেন (রাকিব) উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান এবং সহকারী একান্ত সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×