শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২১:২০
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহম্মদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের জন্য কাজ করছে। আশা করা যায়, অতিদ্রুত দেশটিতে বাংলাদেশী কর্মী পাঠানোর পথ সুগম হবে। মালয়েশিয়ায় যে সকল বাংলাদেশী কর্মী অবৈধ রয়েছে বা নানা সমস্যা রয়েছে তাদের বৈধকরণের বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশী কর্মীদের দ্বিতীয় বড় শ্রমবাজার মালয়েশিয়ায় সরকারিভাবে কোনো কর্মী পাঠানো হয় না। তবে, মালয়েশিয়াসহ পৃথিবীর যেকোন দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে।
সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, গত অর্থ বছরে (২০২৪-২৫) ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। মন্ত্রীর তথ্য অনুযায়ী সব চেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে, চার হাজার ২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন ডলার।
খাদ্য মজুত ২০ লাখ ৭৩ হাজার মেট্রিক টন
কক্সবাজার-৩ আসনের লুৎফর রহমানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশের সরকারি খাদ্যগুদামে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৭২ হাজার ৭৫৪ মেট্রিক টন।
ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে দেশে চালের উৎপাদন হয়েছে ৪ কোটি ৬ লাখ মেট্রিক টন এবং গমের উৎপাদন হয়েছে ১০ লাখ ৪১ হাজার মেট্রিক টন। যেখানে চালের চাহিদা হচ্ছে ৪ কোটি ১১ লাখ মেট্রিক টন ও গমের চাহিদ ৭৪ লাখ মেট্রিক টন। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে সরকারিভাবে ৫ লাখ ৩৪ হাজার মেট্রিক টন চাল ও ৭ লাখ ৩৫ হাজার মেট্রিন টন গম আমদানি হয়েছে। এছাড়া বেসরকারি খাতে ৭ লাখ ৩৫ হাজার মেট্রিক টন চাল ও ৬৫ লাখ ৮২ হাজার মট্রিক টন গম আমদানি হয়েছে।
- বিষয় :
- সংসদ
- আরিফুল হক চৌধুরী
