ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

কৃষক কার্ড নিয়ে আলোচিত টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন

কৃষক কার্ড নিয়ে আলোচিত টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন
×

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে গাছের চারা নিচ্ছে কৃষক কবির হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২২:৪৩

কৃষক কার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত টাঙ্গাইল সদর উপজেলার কৃষক কবির হোসেন মারা গেছেন। আজ মঙ্গলবার রাত আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সমকালকে বলেন, টাঙ্গাইলের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে তিনি কবির হোসেনের মৃত্যুর খবর পেয়েছেন। মঙ্গলবার রাতে বোনের বাড়িতে অবস্থানকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তার মৃত্যু হয়।

মো. আব্দুর রহিম বলেন, ‘আমি আগে তার বাড়িতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত ভালো একজন কৃষক ছিলেন। কৃষিকাজের প্রতি তার আন্তরিকতা ও নিষ্ঠা ছিল প্রশংসনীয়।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের টাঙ্গাইলের উপপরিচালক মো. আশেক পারভেজ বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে তিনি কবির হোসেনের মৃত্যুর খবর জেনেছেন। বুধবার সকাল ১০টায় তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সম্প্রতি টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কৃষি সহায়তা ও কৃষক কার্ড বিষয়ে দেওয়া সেই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।

তবে ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারও ছড়ানো হয়। কেউ কেউ দাবি করেন, তিনি প্রকৃত কৃষক নন। পরে সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা তার বাড়ি ও কৃষিজমি পরিদর্শন করে তাকে একজন সক্রিয় কৃষক হিসেবে নিশ্চিত করেন। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়।

স্থানীয় সূত্র বলছে, এসব ঘটনার কারণে কবির হোসেন মানসিকভাবে কিছুটা চাপে ছিলেন। 

দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত কবির হোসেন স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও সহকর্মী কৃষকেরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার স্মৃতিচারণ করে শোকবার্তা দিচ্ছেন।

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

সুলতান সালাউদ্দিন টুকু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আরও পড়ুন

×