আলোচনা সভায় চিফ হুইপ
১৭ বছরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত অর্থনীতি দুর্বল
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:৪৯ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ০৯:১৩
| প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, গত ১৭ বছরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে এবং ব্যাপক অর্থ পাচারের কারণে জাতীয় অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় ধরে বিরোধী মত দমনে নিপীড়ন-নির্যাতনের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, যার ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএবি) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যার নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতি, মুদ্রাবাজার এবং বিনিয়োগ পরিবেশের ওপর পড়েছে। অর্থ পাচারের কারণে ডলারের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
ব্যাংকিং খাতের অনিশ্চয়তা ও আমানতকারীদের নিরাপত্তাহীনতার বিষয় তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, বিগত সরকারের সময় এমন একটি আইন প্রণয়ন করা হয়েছিল, যার ফলে কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আমানতকারী তাঁর জমার পরিমাণ যাই হোক না কেন, সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত পেতেন।
বর্তমান অর্থবছরের বাজেট সম্পর্কে চিফ হুইপ বলেন, দেশের বিদ্যমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই সরকার একটি মানবিক, জনকল্যাণমুখী ও সাশ্রয়ী বাজেট প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছে।
এমএবির সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে এবং ড. মো. শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ কে এম ওয়ারেছুল করিম। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, জুবায়ের আহমেদ বাবুসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
- বিষয় :
- চিফ হুইপ
- ব্যাংকিং ব্যবস্থা
- অর্থনীতি
