সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী
চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা পাওনা
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২১:৫০
দেশে চারটি মোবাইল অপারেটরের কাছে সরকারের ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব পাওনা রয়েছে। গ্রামীণফোনের ছয় হাজার ১০২ কোটি, টেলিটকের কাছে পাঁচ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের কাছে ৪৭৩ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে।
বুধবার কক্সবাজার-৩ আসনের সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
গ্রামীণফোনের বকেয়ার বিষয়ে তিনি বলেন, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বিটিআরসির মোট পাওনা আট হাজার ৪৯৪ কোটি এক লাখ টাকা। আদালতের নির্দেশনায় দুই কিস্তিতে দুই হাজার ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করেছে। বাকি বকেয়া নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।
ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নে মন্ত্রী বলেন, বিটিসিএলের বর্তমান টেলিফোন গ্রাহক সংখ্যা তিন লাখ ৪০ হাজার।
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গুজব ও অপপ্রচাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তা সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্তের বিষয় সরকার বিবেচনা করছে। সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রতিরোধে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ক্ষতিকর, ভুয়া ও গুজব কনটেন্ট অপসারণে বিটিআরসি উদ্যোগ নিচ্ছে। সাইবার সুরক্ষা আইন অনুযায়ী জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থার অনুরোধে আপত্তিকর তথ্য-উপাত্ত বা সাইট অপসারণ ব্লক করতে সংশ্লিষ্ট অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ ধরনের কার্যক্রমের জন্য বিটিআরসির নিজস্ব প্রযুক্তি ও যন্ত্রপাতি নেই।
কুমিল্লা-৪ আসনের সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নে মন্ত্রী জানান, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক ব্যবহারে ৭৬৪ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। ১৬৩ কোটি ৯৭ লাখ টাকা নিট মুনাফা করেছে।
- বিষয় :
- মোবাইল অপারেটর
- ফকির মাহবুব আনাম
