মতিঝিল আইডিয়াল স্কুলে শিক্ষা ক্যাডার থেকে অধ্যক্ষ পদায়ন
মনিপুর স্কুলে পাঁচ শিক্ষককে শাখা প্রধান নিয়োগ
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২২:৫৬
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা ক্যাডার থেকে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক লাল মোহাম্মদকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি ভিন্ন শাখার জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পাঁচজন কর্মকর্তাকে শাখা প্রধান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
একইদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১ শাখা) উপসচিব মো. আ. কদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম-অব্যবস্থাপনা দূর করতে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে বিদ্যমান প্রধান শিক্ষক ছাড়া বাকি ৫টি শাখার জন্য একজন করে পৃথক শাখা প্রধান হিসেবে স্ব-বেতনে প্রেষণে পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, হাজারীবাগ সরকারি কলেজের সংযুক্ত সহযোগী অধ্যাপক (বাংলা) মো. আব্দুল হালিমকে মূল বালক ক্যাম্পাসের (মনিপুর ৬০ ফিট রোড) শাখা প্রধান করা হয়েছে। কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা) মো. নজরুল ইসলামকে কলেজ ক্যাম্পাসের (রূপনগর আবাসিক এলাকা) দায়িত্ব দেওয়া হয়েছে। টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (ইংরেজি) মোহাম্মদ আক্তার হোসেনকে রূপনগরের শাখা-১ ক্যাম্পাসে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রসায়ন) শেখ শাহরীয়ার হাসানকে ইব্রাহিমপুরের শাখা-২ ক্যাম্পাসে এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক (দর্শন) মুহাম্মাদ নুর-এ-আলমকে শেওড়াপাড়ার শাখা-৩ ক্যাম্পাসের শাখা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে নতুন শাখা প্রধানদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, পদায়ন পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়-ব্যয় কর্মকর্তা (ডিডিও) হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তারা সংশ্লিষ্ট শাখার শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।
এর আগে প্রতিষ্ঠানটিতে তদারকি জোরদার এবং অনিয়ম দুর্নীতি রোধে গত ২১ জুন দুই বছর মেয়াদী বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড। বিশেষ কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ম. হামিদুল হক মানিক। তিনি এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক ৩), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় শাখার পরিদর্শক, শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ, অভিভাবক প্রতিনিধি শাকিল মোল্লা। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
এর আগে গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অনিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর।
- বিষয় :
- অধ্যক্ষ
- শিক্ষাপ্রতিষ্ঠান
