ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সমকালের জাহিদসহ ৯ সাংবাদিক পেলেন কৃষি মিডিয়া পুরস্কার

সমকালের জাহিদসহ ৯ সাংবাদিক পেলেন কৃষি মিডিয়া পুরস্কার
×

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৭:৩৩

কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমানসহ ৯ জন সাংবাদিক ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ) প্রথমবারের মতো এই পুরস্কারের আয়োজন করে।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন— জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ডিএম নাজমুল হুসাইন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, আজকের পত্রিকার সাইফুল মাসুম, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, সমকালের জাহিদুর রহমান, এটিএন নিউজের ফেরদৌস রহমান, যুগান্তরের ইয়াসিন রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত।

আয়োজকেরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার চালু করা হয়েছে। এ জন্য সাংবাদিকদের কাছ থেকে ২০২৫ সালে প্রকাশিত প্রতিবেদন আহ্বান করা হয়। জমা পড়া শতাধিক প্রতিবেদনের মধ্য থেকে বিচারকেরা সেরা ৯টি প্রতিবেদন নির্বাচন করেন।

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিএস (অব.) কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের মহাসচিব আহমেদ ইকবাল চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ফলবিশেষজ্ঞ ড. মেহেদী মাসুদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু নোমান ফারুক প্রমুখ। 

বক্তারা বলেন, দেশের কৃষি খাতের সমস্যা, সম্ভাবনা, উদ্ভাবন ও কৃষকের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কৃষি সাংবাদিকতার মানোন্নয়ন ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে এ ধরনের পুরস্কার নতুন প্রজন্মের সাংবাদিকদের উৎসাহিত করবে।

আরও পড়ুন

×