ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা হাসপাতালে ৮৮০ এক্স-রে মেশিন অকেজো

উপজেলা হাসপাতালে ৮৮০ এক্স-রে মেশিন অকেজো
×

সংসদ অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২০:০০ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ২০:০১

৩১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রায় ৪৮৫টি এক্স–রে মেশিন অকেজো। ২৫২ হাসপাতালে অকেজো আল্ট্রাসাউন্ড মেশিনের সংখ্যা ৩৯৫। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সবমিলিয়ে ৫৬২টি হাসপাতালে অকেজো মেশিনের সংখ্যা ৮৮০। 

বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীর প্রশ্নে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। শাহজাহান চৌধুরী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার, নার্স ও ওষুধের ঘাটতির হার; অকেজো এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের সংখ্যা এবং গ্রামের রোগীকে শহরে স্থানান্তর করার প্রধান কারণ জানতে চেয়েছিলেন। 

ন্ত্রীর জবাবে বলা হয়, ৩১০টি হাসপাতালে অকেজো মেশিনের সংখ্যা প্রায় ৪৮৫টি, যার প্রায় ৪০ শতাংশ মেরামত অযোগ্য ও বাকি ৬০ শতাংশ মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে। ২৫২টি হাসপাতালে অকেজো আল্ট্রাসাউন্ড মেশিনের সংখ্যা প্রায় ৩৯৫টি, যার প্রায় ৩৫ শতাংশ মেরামত অযোগ্য। বাকি ৬৫ শতাংশ মেরামতযোগ্য, সেগুলো মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে।

বছরে নতুন ক্যান্সার রোগী ১ লাখ ৬৭ হাজার
সংরক্ষিত আসনের এমপি মোছা. সানজিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা আইএআরসি প্রকাশিত গ্লোবোক্যান ২০২২ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন নতুন ক্যান্সার রোগী শনাক্ত হন। বছরে প্রায় ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন ক্যান্সারে মারা যান। আর বর্তমানে আনুমানিক ৩ লাখ ১৬ হাজার ৪১৭ জন ক্যান্সার রোগী জীবিত অথবা চিকিৎসাধীন আছেন। নারীদের স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সার এবং পুরুষদের মধ্যে ফুসফুস ক্যান্সার ও মুখ-ঠোঁটের ক্যান্সার বেশি দেখা যায়।

ক্যান্সার রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে দেশের আটটি বিভাগীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা ইউনিট স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন আছে বলে জানান মন্ত্রী।  তিনি বলেন, এর মাধ্যমে বিভাগীয় পর্যায়ে রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জিক্যাল অনকোলজি সেবা সম্প্রসারিত হবে।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের প্রধান বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে; প্রতিষ্ঠানটির শয্যা সংখ্যা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নও চলমান রয়েছে বলে জবাবে বলা হয়।

আরও ৫৪০ কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা
ময়মনসিংহ-৬ আসনের এমপি মো. কামরুল হাসানে জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। কমিউনিটি ক্লিনিক নেই এমন শূন্য ওয়ার্ডে জমি প্রাপ্তি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ সাপেক্ষে আরও ৫৪০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নরসিংদী–১ আসনের খায়রুল কবিরের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি লাখে আনুমানিক ৪ হাজার ৩৫৩ জন মা সন্তান প্রসবকালে মৃত্যুবরণ করেন। সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মা মারা গেলে ক্ষতিপূরণ দেওয়া হয় না।

ফেনী–২ আসনের জয়নাল আবদিনের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অ্যান্টিবায়োটিক–প্রতিরোধী জীবানুর প্রাদুর্ভাব একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকার সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার চেয়ে ৫ গুণ বেশি রোগী ভর্তি 
কুমিল্লা–৯ আসনের আবুল কালামের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার চেয়ে ৪–৫ গুণ বেশি রোগী ভর্তি হয়ে থাকে। এত বিপুল জনসংখ্যার জন্য সরকারি হাসপাতালের টয়লেটগুলো সার্বক্ষণিক পরিস্কার পরিচ্ছন্ন রাখা একটি চ্যালেঞ্জের বিষয়।

সংরক্ষিত নারী আসনের আরিফা সুলতানার প্রশ্নের  স্বাস্থ্যমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। 

জামালপুর–৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমআরআই, সিটি স্ক্যান, ডায়ালাইসিস ও আইসিইউর ভারী যান্ত্রপাতি ক্রয় প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমান সরকার এই ভারী যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়া পুনরায় চালু করেছে। ৪টি এমআরআই মেশিন ক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

সরকারি হাসপাতালে শূন্যপদ ৯৪০৭
গাজীপুর–৪ আসনের সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি, শূন্যপদ রয়েছে ৯ হাজার ৪০৭টি।

আরও পড়ুন

×