গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০ জনসংখ্যা সাড়ে ১৬ লাখ
সালাহউদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৯:০৬ | আপডেট: ২৬ জুন ২০২৬ | ১০:০০
| প্রিন্ট সংস্করণ
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০। জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তফসিলভুক্ত এবং অন্যান্য নৃ-গোষ্ঠীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন; যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৯ দশমিক ২৯ শতাংশ চাকমা; যা তাদের জনসংখ্যার হিসাবে ৪ লাখ ৮৩ হাজার ২৯৯ জন। অন্যদিকে, মারমা ১৩ দশমিক ৫৯ শতাংশ; জনসংখ্যায় ২ লাখ ২৪ হাজার ২৬১ জন।
চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন বাস করেন বলে সংসদে জানানো হয়। মন্ত্রী বলেন, ‘এর মধ্যে রাঙামাটিতে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২ দশমিক ৬০ শতাংশ বসবাস করে; যা জনসংখ্যায় ৩ লাখ ৭২ হাজার ৮৬৪ জন। খাগড়াছড়িতে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২১ দশমিক ১৭ শতাংশ বসবাস করে; তাদের জনসংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮ জন। বান্দরবানে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২ শতাংশ বসবাস করে; যা জনসংখ্যায় ১ লাখ ৯৭ হাজার ৯৭৫ জন।’
কুড়িগ্রাম-১ আসনের সাংসদ আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী জানান, ‘বই পড়ার অভ্যাস গড়ে তুলতে মন্ত্রণালয়ের উদ্যোগে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে ৬৪ জেলার ৩৬৮টি উপজেলা থানায় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।’ জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী জানান, ‘সংগীত চর্চা বৃদ্ধিতে নতুন শিক্ষাক্রমে ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয় অন্তর্ভুক্ত হবে।’
- বিষয় :
- জনসংখ্যা