চার মাসেও দেয়নি নির্বাচনী ব্যয়ের হিসাব, জরিমানা গুণতে পারে ৭টি দল
সংসদ নির্বাচন
নির্বাচন কমিশন ভবন (ফাইল ফটো)
অমরেশ রায়
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৬:৩৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫০টি রাজনৈতিক দলের মধ্যে সাতটি দল নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। একদফা সময়সীমা বৃদ্ধির পরও হিসাব জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের জরিমানার মুখোমুখি করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সর্বশেষ বর্ধিত সময় অনুযায়ী নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ জুন। এই সময় পর্যন্ত হিসাব জমা দিয়েছে মোট ৪৩টি দল। বাকি সাতটি দল- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), আমজনতার দল, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লিগ (বিএমএল) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এখনও নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৬টি। এর মধ্যে ৫০টি দল এবারের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ার কারণ দর্শাতে বৃহস্পতিবার দলগুলোকে ইসি চিঠি পাঠিয়েছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে কেন তাদের ১০ হাজার টাকা জরিমানাসহ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না, সেটি জানতে চাওয়া হয়েছে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর জবাব দিতে বলা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। পরদিন ১৩ ফেব্রুয়ারি রাতে ইসি বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সে হিসেবে গত ১৩ মে হিসাব জমা দেওয়ার সময়সীমা পার হয়। এই সময়সীমার মধ্যে জামায়াতে ইসলামীসহ ২৭টি দল ব্যয়ের হিসাব জমা দেয়। বিএনপিসহ ২৩টি দল হিসাব জমা দিতে ব্যর্থ হয়।
পরে ইসি সময়সীমা এক মাস বাড়িয়ে ১৩ জুন পর্যন্ত নির্ধারণ করেছিল। চিঠি দিয়ে এসব দলকে ওই সময়র মধ্যে হিসাব জমা দেওয়ার জন্য সতর্কও করে দেয় ইসি। এই সময়ের মধ্যে বিএনপিসহ আরও ১৬টি দল অর্থাৎ মোট ৪৩টি দল হিসাব জমা দিয়েছে। গেজেট প্রকাশের প্রায় সাড়ে চার মাস (১৩৪ দিন) পরও সাতটি দলের কাছ থেকে ব্যয়ের হিসাব পায়নি ইসি। একটি দল অবশ্য সময় বাড়াতে আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ইসিকে।
আরপিওর বিধান অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের নির্বাচনি ব্যয় জমা দিতে ব্যর্থ হলে ইসি ওই দলকে ৩০ দিনের মধ্যে বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়ে সতর্কতামূলক নোটিশ জারি করবে। তবু ওই রাজনৈতিক দল নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যয় বিবরণী জমা দিতে ব্যর্থ হয়, তাহলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে আরও ১৫ দিন সময় দিতে পারবে। যদি সেই বর্ধিত সময়ের মধ্যেও বিবরণী জমা দিতে ব্যর্থ হয়, তাহলে কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করতে পারবে।
বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ দলগুলোর বিরুদ্ধে ইসি কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সমকালকে বলেন, কমিশন বিধি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।
