রোববার গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের ৫ এলাকায়
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৭:২৬ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৭:৩২
ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মোড়ে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এ কারণে আগামীকাল রোববার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা আশেপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন (রোববার) সকাল ৯টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকাতেও গ্যাস সরবরাহে স্বল্পচাপ বা সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় বাস্তবায়নাধীন দক্ষিণ এশিয়া উপআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ চলছে। এ কারণে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মোড়ে পাইপলাইন স্থানান্তর করা হচ্ছে।
- বিষয় :
- গ্যাস সরবরাহ বন্ধ
- তিতাস গ্যাস
