শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠান
অনুমোদন বাতিলে নোটিশ দিল কারিগরি বোর্ড
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০০:১৩
দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ৬২১টি এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। গত ২৫ জুন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো নোটিশে পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না সে বিষয়ে আগামী ২২ জুলাইয়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ভর্তি না হওয়ায় প্রতিষ্ঠানগুলো কার্যত শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে। অথচ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত, পাঠদানের অনুমোদন বাতিল এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া অনুসরণ করা হবে।
নোটিশে বলা হয়েছে, ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪’-এর উপবিধি ৪.২, ৪.৪ ও ৫.৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমতিকালে আরোপিত অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।’
কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ৪৪৩টি এসএসসি (ভোকেশনাল) এবং ১৭৮টি দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। বোর্ডের কর্মকর্তারা জানান, ‘নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- বিষয় :
- কারিগরি শিক্ষা বোর্ড
