নিম্ন আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হবে: গৃহায়নমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৬:২৮
দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্রায় এক লাখ সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে বিভিন্ন শহরে ভাড়াভিত্তিক আবাসন সুবিধা সম্প্রসারণেও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। রোববার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ এ নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার প্রায় ৩৭টি বস্তিতে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী আরও জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকার ৫৭৮ নম্বর প্লটে ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। একইভাবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ হরিণটানা মৌজার প্রায় আট একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।
এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন সল্টগোলা এলাকায় চউকের মালিকানাধীন প্রায় ৮৩ কাঠা জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য মাসিক ভাড়াভিত্তিক আবাসনের ব্যবস্থা করতে স্ব-অর্থায়ন অথবা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে একটি প্রকল্পের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বলে জানান গৃহায়নমন্ত্রী।
