সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী
মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিক হারে নির্ধারণ করা হবে
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৭:৫৬
মুদি দোকান, কাঁচাবাজারে যৌক্তিক হারে কর নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেছেন, এ নিয়ে নিঃসন্দেহে উদ্বেগ প্রকাশ করতে হবে। জনগণকে স্বস্তি দিতে হবে। প্রাথমিকভাবে করদাতাদের সক্ষমতা অনুযায়ী ফ্ল্যাট রেটে কর নির্ধারণ করা হবে।
রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আদায় কার্যক্রমকে পৃথক করা হবে। এ জন্য আমলাতন্ত্রের বাইরে বিশেষজ্ঞদের নিয়ে স্বাধীন নীতি-নির্ধারণী সংস্থা গঠন করা হবে। কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে সরকার আগামী অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।
বাজেটের অর্থায়ন নিয়ে উদ্বেগের জবাবে সাকি স্বীকার করেন যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতীতের কর্মদক্ষতার কারণে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন রয়েছে। জুনায়েদ সাকি বলেন, অনেকে বাজেটের আকার এবং অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। কর সংস্কার, অটোমেশন এবং কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে সরকার। বাজেটের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩ শতাংশ, যেখানে প্রতিবেশীসহ বিভিন্ন দেশে সাধারণত বাজেটের আকার জিডিপির ৩০ থেকে ৩৩ শতাংশ হয়ে থাকে।
জুনায়েদ সাকি বলেন, দীর্ঘদিন ধরে কর ফাঁকি, কর জালিয়াতি এবং অতিরিক্ত কর রেয়াতের কারণে সরকার প্রয়োজনীয় রাজস্ব আদায়ে ব্যর্থ হয়েছে। এসব অনিয়ম রোধে কর প্রশাসনে অটোমেশন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সাকি আরও বলেন, রোববার এনবিআরসহ আরও পাঁচটি প্রতিষ্ঠানে অটোমেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
- বিষয় :
- কর
- কাঁচাবাজার
