ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

সংসদে মন্ত্রী  

অনগ্রসর নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন কিনতে ৩৭ কোটি টাকা বরাদ্দ

অনগ্রসর নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন কিনতে ৩৭ কোটি টাকা বরাদ্দ
×

সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৫:২০

সমাজের অনগ্রসর মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে আগামী ২০২৫-২৬ অর্থবছরে সেলাই মেশিন কিনতে ৩৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে সংসদে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, সেলাই মেশিন কেনার কার্যক্রম চলমান আছে। কেনা হলে মেশিন বিতরণ করা হবে। 

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সংসদে টেবিলে এ প্রশ্নোত্তর উত্থাপিত হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

জামালপুর-৩ আসনের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আইন, নীতিমালা, সেবাকেন্দ্র, সহায়তা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। 

মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২৬ সংসদের প্রথম অধিবেশনেই পাস হয়েছে। এ আইনের আওতায় শিশু ধর্ষণ ও নির্যাতনের মামলার বিচার পরিচালিত হবে। এছাড়া অভিযুক্ত ও ভুক্তভোগীর সম্মতি থাকুক বা না থাকুক, ডিএনএ আইন-২০১৪ অনুযায়ী; ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৫ সালের সংশোধনীর মাধ্যমে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করার বিধানও যুক্ত করা হয়েছে। 

তিনি জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুকে সমন্বিত সেবা দিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ৩৭টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হবে। বর্তমানে ১৪টি ওসিসি চিকিৎসা, আইনি সহায়তা, পুলিশি সহায়তা, মনোসামাজিক কাউন্সেলিং, পুনর্বাসন, সামাজিক পুনঃএকত্রীকরণ ও আয়বর্ধক প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা দিচ্ছে। এসব কেন্দ্র থেকে এ পর্যন্ত ৮২ হাজার ৬৭৮ জন সেবা পেয়েছেন। এছাড়া জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৯৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেল থেকে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৫২৩ জন নির্যাতনের শিকার নারী ও শিশুকে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে।

মন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টাব্যাপী টোল-ফ্রি ন্যাশনাল হেল্পলাইন-১০৯ চালু রয়েছে। এই হেল্পলাইনের মাধ্যমে এ পর্যন্ত ৮৮ লাখ ৪৬ হাজার ৯৪০ জন নির্যাতনের শিকার নারী ও শিশুকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।
 

আরও পড়ুন

×