শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার
ছবি: সমকাল/দ্রোহী তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৩:০৯ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ১৩:৩৪
বাংলাদেশের চিত্রকলা, টেলিভিশন ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য নেওয়া হয়। চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এর আগে সকাল ৯টায় বিটিভি এবং সকাল ১১টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানে শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের ঢল নামে। দীর্ঘ কর্মজীবনে শিল্প-সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা জানাতে আসা শিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা বলেন, মুস্তাফা মনোয়ারের প্রস্থান কেবল একটি মানুষের মৃত্যু নয়, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক স্বর্ণালি অধ্যায়ের অবসান।
- বিষয় :
- মুস্তাফা মনোয়ার
- শহীদ মিনার
- শেষ শ্রদ্ধা
