চারুকলায় শেষবারের মতো ফিরলেন মুস্তাফা মনোয়ার
মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে লাশবাহী গাড়িতে করে মুস্তাফা মনোয়ারের মরদেহ চারুকলা অনুষদে পৌঁছায়। ছবি: সমকাল/দ্রোহী তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৪:৪১ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ১৫:০৮
বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে ভিড় করেন শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা।
মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে লাশবাহী গাড়িতে করে তার মরদেহ চারুকলা অনুষদে পৌঁছায়। সেখানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ, ভাস্কর্য প্রাক্তনী সংঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বেঙ্গল ফাউন্ডেশন, গ্যালারি কসমস, স্টুডিও-৪৮, ছাত্র ইউনিয়ন, শহীদ লে. সেলিম শিক্ষালয়ের কালচারাল ইনস্টিটিউটসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এ সময় শিল্পী হাশেম খান, অনুকূল দাস, তামান্না তিথি, কাওছার হাসান টগর, আলপ্তীনগীর তুষার, মুনিরা জামান ও রশীদ আমিনসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ করে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুবা নাহিদ চৌধুরী বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন একজন বহুমাত্রিক শিল্পস্রষ্টা। চিত্রকলার পাশাপাশি সংগীত, নাটক ও পাপেট শিল্পেও তার গভীর অনুরাগ ও বিচরণ ছিল। তিনি বলেন, বেঙ্গল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মশালায় তিনি নিয়মিত অংশ নিতেন। জলরঙে তার দক্ষতা যেমন ছিল অসাধারণ, তেমনি শিল্পের নানা মাধ্যম নিয়ে তার গভীর চিন্তা ও চর্চা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি কখনো শিল্পকে একটি মাধ্যমে সীমাবদ্ধ রাখেননি; বরং বিভিন্ন শিল্পমাধ্যমের সমন্বয়ে গড়ে তুলেছিলেন এক বিস্তৃত শিল্পদর্শন।
লুবা নাহিদ চৌধুরী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময়ও মুস্তাফা মনোয়ার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার ছোট চাচা জামিল চৌধুরীর সঙ্গে সে সময়ের নানা কর্মকাণ্ড এবং বাংলাদেশের জাতীয় পতাকা নির্মাণের ইতিহাস ঘিরে বহু স্মৃতি তাদের পরিবারের সঙ্গে জড়িয়ে আছে।
চারুকলা প্রাঙ্গণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকালে তার মরদেহ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে রাখা হয়। পরে সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে ১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
- বিষয় :
- মুস্তাফা মনোয়ার
