বাংলা একাডেমিতে সম্মিলন
প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছাতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের তাগিদ
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৬:৪৮
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারিসহ সব ধরনের সেবা পৌঁছে দিতে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন। বিশেষ করে লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। গত রোববার বাংলা একাডেমিতে আয়োজিত ‘সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা’ শীর্ষক সম্মিলনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
দুই পর্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী, ক্রিশ্চিয়ান এইড এশিয়ান এমসিসির পার্টনারশিপ ও স্ট্র্যাটেজি লিড নুজহাত জাবিন এবং প্রিন্স সুমন বাড়ই প্রমুখ।
এ আয়োজনে ১০টি জেলার ৩৩টি স্থানীয় নাগরিক সংগঠন অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ক্রিশ্চিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও স্থানীয় নাগরিক সংগঠন যৌথভাবে ‘এসিএসএপি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সুশাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে।
- বিষয় :
- বাংলা একাডেমি
- সেবামুলক উদ্যোগ
