ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যায় হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিচার শুরু

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যায় হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিচার শুরু
×

হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৭:০১

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশ দেন। এর ফলে এই মামলায় তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একই সঙ্গে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

এ মামলায় ২২ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন পাঁচজন। তাঁরা হলেন—চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। অন্য ১৭ আসামি পলাতক।

গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। এরপর তাঁরা দোষী নাকি নির্দোষ—তা জানতে চাওয়া হলে জবাবে কাঠগড়ায় থাকা চার আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। তবে অভিযোগ গঠনের সময় ট্রাইব্যুনাল কক্ষে ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে শুইয়ে রাখা হয়।

মামলার পলাতক অন্য আসামিরা হলেন—সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। এ ছাড়া আসামিপক্ষে আইনজীবী আবদুল কাইয়ুম ও স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত) আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে আসামিপক্ষ। টানা তিন কার্যদিবসে ডিসচার্জ (অব্যাহতি) চেয়ে শুনানি করেন আইনজীবীরা। এর মধ্যে এ মামলায় কারও বিরুদ্ধেই অভিযোগ গঠনের মতো উপাদান নেই বলে দাবি করেন আইনজীবী মিজানুর রহমান। একই সঙ্গে পলাতক আসামিদেরও অব্যাহতি চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম। তবে গত ২২ জুন মামলার প্রাথমিক দায় বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।

এর আগে, গত ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্র তরুণকে শহীদ করার দায় আনা হয়। এ ছাড়া জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা তিন নম্বর অভিযোগে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন

×