জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতার প্রশ্ন সংসদে
জাতীয় সংসদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৯:৩৫
জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতার প্রশ্ন উঠেছে সংসদে। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল কালামের প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আরও গতিশীলতা আসবে। দলের ব্যাটিং ইউনিট অতীতের যে কোন সময়ের চেয়েও দলের সাফল্য অর্জনে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক ভূমিকা পালন করতে সক্ষম হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এসব কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
আবুল কালাম তার প্রশ্নে বলেন, ক্রিকেট টিমের ব্যাটিং ব্যর্থতা বারবার দেখা যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, একটি ক্রিকেট দলের সার্বিক সাফল্য নির্ভর করে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এর পারফরম্যান্সের ওপর। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ আবশ্যক। দলগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাক্তিগত পারফরম্যান্সের ক্ষেত্রেও জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানরা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ জয়ে অবদান রাখছেন। এর পাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্ট, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার লীগসহ ঘরোয়া ক্রিকেট এর অন্যান্য আয়োজন থেকেও উদীয়মান ব্যাটসম্যানরা জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে অবদান রাখছেন।
এনসিপির এমপির হাসনাত আব্দুল্লাহের প্রশ্নে আমিনুল হক বলেছেন, জাতীয় ফুটবল দলের বর্তমান ফিফা র্যাংকিং ১৮১। বিশ্বের উন্নত ফুটবল জাতিগুলো বছরে সাধারণত ১২-১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে। বাংলাদেশ দল ২০২৫ সালে মাত্র ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। বাফুফে ফিফা, এএফসি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন ও বিদেশ সফর ব্যয়বহুল হওয়ায় কাঙ্ক্ষিত সংখ্যক ম্যাচ আয়োজন বা অংশগ্রহণ সম্ভব হয়ে উঠে না। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবলে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হামজা চৌধুরী, সোমিত সোম এবং ফাহমিদুল ইসলামসহ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় জাতীয় দলে যোগ দেওয়ায় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো দল ইউরোপ সফরে গিয়ে ইউরোপের একটি দেশের বিরুদ্ধে জয়লাভ করেছে।
জামায়াতের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষিতি যুব ও যুবনারীদেরকে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পে চাহিদার ভিত্তিতে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সাহায্য দেওয়া হয়।
- বিষয় :
- জাতীয় সংসদ
- ক্রিকেট
- ক্রীড়া প্রতিমন্ত্রী
