ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সাইবার স্পেসে নারীদের সুরক্ষার দাবি সংসদে

সাইবার স্পেসে নারীদের সুরক্ষার দাবি সংসদে
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২০:৫৯

সাইবার স্পেসে নারীদের জন্য সুরক্ষা দাবি জানানো হয়েছে সংসদে। মঙ্গলবার জাতীয় সংসদে সাইবার সুরক্ষা (সংশোধন) বিলের-২০২৬ এর উপর আলোচনায় এ দাবি বিরোধীদলের সংসদ সদস্যরা (এমপি) । জুয়া প্রতিরোধে পৃথক আইন হওয়ায় সাইবার সুরক্ষা আইন থেকে জুয়ার অংশ বাদ দিতে বিল উত্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি হয় কণ্ঠভোটে। 

সাইবার স্পেসে নারীর সুরক্ষার বিষয়ে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে থাকা নারী, পাবলিক ফিগার, জনপ্রিয় ব্যক্তিত্বরা প্রতিনিয়ত সাইবার নিপীড়নের শিকার হচ্ছে। ।

তথ্য প্রযুক্তির উন্নতির বিষয়ে তিনি বলেন, আমরা এখন এআই জগতে আছি। কোনটা ভুয়া, কোনটা সঠিক- শিক্ষিত সমাজের অনেকেও ধরতে হিমশিম খেয়ে যায়। গ্রামের প্রতিটি মানুষের হাতে যখন স্মার্ট ফোন, ফেসবুক রয়েছে, তখন বিশেষ করে নারীরা এবং পরিচিত নারীরা— যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা মিডিয়াজগতের সঙ্গে যুক্ত, তাদের জন্য সাইবার স্পেস প্রতিদিন কঠিন হয়ে যায়। 

সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার হবে না- তা নিশ্চিতে জনমত যাচাইয়ের প্রস্তাব করে জামায়াতে এমপি শাহজাহান চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা যখন সরকারের বিরুদ্ধে কোন কথা বলেছে, তখন সাইবার আইন দিয়ে হয়রানি করা হয়েছে। এই আইনে রাজনৈতিক নেতাদেরও হয়রানি করা হয়। 

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম বলেন, যোগাযোগ, ব্যবসা ও বিনোদনসহ জীবনের প্রায় সব ক্ষেত্র এখন অনলাইন ও সাইবার স্পেসের ওপর নির্ভরশীল। তবে ডিজিটাল অগ্রগতির সঙ্গে হ্যাকিং, ব্ল্যাকমেইল, ভুয়া তথ্য ছড়ানো, আর্থিক জালিয়াতি ও অনলাইন হয়রানিও বেড়েছে। 

চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সাইবার অপরাধ, এআইয়ের অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ও বিভ্রান্তি তৈরির মতো অপরাধ প্রতিরোধে আইন প্রয়োজন। তবে এই আইন যেন বাকস্বাধীনতা খর্ব করার পরিবেশ তৈরি না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। 

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সাইবার অপরাধের বিরুদ্ধে আইন আরও কঠোর করার দাবি জানান। তিনি বলেন, সাইবার স্পেস ব্যবহার করে এক দলের বিরুদ্ধে আরেক দল অপপ্রচার চালাচ্ছে, ব্যক্তির চরিত্রহনন করা হচ্ছে। 

এই পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, আইনটি সমাজের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে নারীর নিরাপত্তার জন্য। তবে অতীত অভিজ্ঞতার কারণে সবাই শঙ্কিত। আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করাই এখন মূল বিষয়।

তখন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার আইন থেকে শুধু জুয়ার অংশটি বিলোপ করা হচ্ছে, জুলাই সংক্রান্ত পৃথক আইন করায়। মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, সাইবার সংশোধনে। 
 

আরও পড়ুন

×