বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন উদ্যোগ
সোহরাওয়ার্দী মেডিকেলে চালু হলো আরইআই ইউনিট
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২১:১৬
ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি (আরইআই) ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। একই সঙ্গে বিশ্ব বন্ধ্যাত্ব সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেছেন, বন্ধ্যাত্ব শুধু চিকিৎসাগত সমস্যা নয়, এটি সামাজিক ও পারিবারিক বাস্তবতার সঙ্গেও জড়িত। তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি (আরইআই) ইউনিট। অনুষ্ঠানের বৈজ্ঞানিক সহযোগী ছিল রেনাটা পিএলসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম। সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম বলেন, বন্ধ্যাত্ব একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্যগত অবস্থা। কিন্তু সমাজে এটি এখনও নানা ভুল ধারণা ও সামাজিক সংকোচের সঙ্গে জড়িত। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ মানুষকে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এবং বিশেষায়িত সেবার প্রতি আস্থা বাড়াবে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান বলেন, একটি মেডিকেল কলেজের দায়িত্ব শুধু চিকিৎসক তৈরি করা নয়, মানুষের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত সেবা গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। তাঁর মতে, নতুন আরইআই ইউনিট শিক্ষা, গবেষণা ও রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. রাশিদা বেগম বলেন, দেশে এখনও অনেক দম্পতি লজ্জা, ভয় বা ভুল তথ্যের কারণে চিকিৎসা নিতে দেরি করেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. সুলতানা আফরোজ বলেন, বন্ধ্যাত্ব শুধু চিকিৎসাগত বিষয় নয়, এটি একটি পারিবারিক ও সামাজিক বাস্তবতা। সময়মতো রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করা গেলে অনেক দম্পতির সন্তান ধারণের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
অনুষ্ঠানে রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (হরমোন অ্যান্ড ডার্মা পোর্টফোলিও) মো. খাইরুল ইসলাম জানান, ভবিষ্যতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক আইভিএফ (আইভিএফ) সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগে প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে বন্ধ্যাত্ব একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলেও এ বিষয়ে সচেতনতা এখনও সীমিত। আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ ও বৈজ্ঞানিক তথ্যভিত্তিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অসংখ্য দম্পতির সন্তান ধারণের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা সম্ভব। নতুন আরইআই ইউনিট এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
