ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বিচারপতি খায়রুল হকের মুক্তিতে আপাতত বাধা নেই: আইনজীবী

বিচারপতি খায়রুল হকের মুক্তিতে আপাতত বাধা নেই: আইনজীবী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২২:৫২

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও জাহাঙ্গীর হোসেন।

আদেশের পর মোতাহার হোসেন সাজু সমকালকে বলেন, যাত্রাবাড়ীর মামলাসহ মোট আটটি মামলায় বিচারপতি খায়রুল হক জামিন পেলেন। তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা নেই এবং নতুন কোনো মামলায় তাকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি। ফলে আপাতত তাঁর কারামুক্তিতে কোনো বাধা নেই। 

গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিনের পর বিচারপতি খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মারা যান খোয়াইব। ওই বছর ১৬ নভেম্বর তাঁর ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন

×