বাউল আর ব্রাসের সুরে দুই সংস্কৃতির মেলবন্ধন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২১:২৯
ট্রাম্পেট, ট্রোমবোন আর পারকাশনের পশ্চিমা সুরের সঙ্গে যখন মিশে গেল একতারা, দোতারা আর বাউলকণ্ঠ, তখন তৈরি হলো এক ভিন্ন সংগীত-অভিজ্ঞতা। ভিন্ন দুই সংস্কৃতির এই সুরেলা মেলবন্ধনের সাক্ষী থাকলেন ঢাকার সংগীতপ্রেমীরা।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ১ থেকে ৭ জুলাই পালিত হচ্ছে ‘আমেরিকা সপ্তাহ’। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস আয়োজন করে একটি বিশেষ ফিউশন কনসার্ট। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জ্যাজ ও ব্রাস ব্যান্ডের সংগীতের সঙ্গে বাংলাদেশের বাউল গানের পরিবেশনা এক মঞ্চে উঠে আসে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হাওয়াইভিত্তিক মার্কিন সেনাবাহিনীর ট্রপিক লাইটনিং ব্রাস ব্যান্ড। ব্যান্ডটির সদস্য সার্জেন্ট ফার্স্ট ক্লাস জামাল ওয়াকার, সার্জেন্ট ব্রনসন পাসকুয়াল, সার্জেন্ট পল রবার্টস, স্পেশালিস্ট কেভিন গনজালেজ, স্পেশালিস্ট চেজ উইন্ডমুলার ও স্পেশালিস্ট কার্টিস ম্যাকহেনরি ট্রাম্পেট, ট্রোমবোন ও পারকাশনের সুরে পরিবেশনা করেন।
তাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন বাংলাদেশের বাউলশিল্পী লাবিক কামাল গৌরব ও তার দল। পশ্চিমা ব্রাস ও বাংলার লোকবাদ্যের সমন্বয়ে তৈরি হয় ব্যতিক্রমধর্মী এক পরিবেশনা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক স্কট হার্টম্যান। তিনি জানান, বাউল সংগীতের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে মার্কিন রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
স্কট হার্টম্যান বলেন, রাষ্ট্রদূত এই যৌথ পরিবেশনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তিনি দুই দলের মহড়া দেখেছিলেন এবং তখনই বুঝেছিলেন, দর্শকদের জন্য এটি হবে একটি স্মরণীয় আয়োজন।
প্রথমে আমেরিকান জ্যাজ ও ব্রাস ব্যান্ডের পরিবেশনায় মেতে ওঠেন দর্শকেরা। পরে শুরু হয় দুই দেশের শিল্পীদের যৌথ পরিবেশনা।
অনুষ্ঠানে পরিবেশিত হয় বাংলা লোকগান ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে’। ব্রাস ব্যান্ডের বাদ্যের সঙ্গে বাউলকণ্ঠ ও দোতারার সুর মিলিয়ে গানটি নতুন মাত্রা পায়। এরপর পরিবেশিত হয় ফকির লালন শাহের ‘জাত গেল, জাত গেল বলে’। পশ্চিমা বাদ্যযন্ত্রের সুরে লালনের মানবতাবাদী দর্শনের উপস্থাপনা দর্শকদের করতালিতে মুখর করে তোলে মিলনায়তন।
উপস্থিত দর্শকদের অনেকেই বলেন, আয়োজনটি শুধু একটি সংগীতানুষ্ঠান ছিল না; বরং দুই দেশের সংস্কৃতির পারস্পরিক বিনিময় ও বন্ধুত্বের এক অনন্য প্রকাশ।
- বিষয় :
- বাউলশিল্পী
- সংস্কৃতি
