বিদ্যালয়ে মদপানের ঘটনায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত
মো. রুহুল আমিন। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক, সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৮:৩৮ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ১৮:৪৩
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদপান ও মাতলামির ঘটনায় প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে।
শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আপত্তিকর, অনৈতিক এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। সেই সঙ্গে এটি ছাত্রছাত্রী, অভিভাবক এবং সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে, যা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল।
এই অবস্থায় প্রধান শিক্ষকের এমন আপত্তিকর ও শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী তাৎক্ষণিক তাকে বরখাস্তকরণ এবং জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমপিও স্থগিত করার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে মো. রুহুল আমিন সাময়িক বরখাস্ত হওয়ায় রোববার থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিনের সই করা এক অফিস আদেশে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষকের মদপান ও মাতলামির একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে নিজের চেয়ারে বসে মাতলামি করছেন। ওই সময় বিদ্যালয়টিতে এইচএসসি পরীক্ষা চলছিল।
একপর্যায়ে খবর পেয়ে স্বজনরা এসে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি নজরে আসার পরই ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেন।
- বিষয় :
- মদপান
- বিদ্যালয়
- সিরাজগঞ্জ
- সাময়িক বরখাস্ত
