ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফের সরাসরি ফ্লাইট চালু

ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফের সরাসরি ফ্লাইট চালু
×

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৭:২৮ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ১৭:৩১

চার মাস বন্ধ থাকার পর রোববার থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা আবারও শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম ফ্লাইট (বিজি-২০৮) ম্যানচেস্টার থেকে দুপুর ১২টা ৪ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগত যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এ ব্যপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মুখপাত্র মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সমকালকে বলেন, সিলেটে নির্ধারিত যাত্রাবিরতির পর ফ্লাইটটি দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রোববার ম্যানচেস্টার বিমানবন্দরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিষেবা পুনরায় চালু করা হয়। এতে ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিমান সংস্থার কর্মকর্তারা, ফ্লাইটটির পাইলট ও কেবিন ক্রু এবং ম্যানচেস্টার বিমানবন্দরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিশেষ করে সিলেটের লোকজনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রুটটি পুনরায় চালু করা হয়েছে।  

সূত্র জানায়, গত সংসদ নির্বাচনের আগে ২৯ জানুয়ারি হুমায়ুন কবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে রুটটি পুনর্বহালের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এরপর ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন, বিএনপি সরকার গঠন করলে এই রুটটি পুনরায় চালু করা হবে।
 

আরও পড়ুন

×