ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুলাই

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুলাই
×

এনবিআরের সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমান

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৭:৫১

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক সেই কর্মকর্তা মো. মতিউর রহমানের মামলার অভিযোগ (চার্জ) গঠনের আদেশের জন্য এ দিন ধার্য হয়েছে আগামী ২১ জুলাই। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর আজ রোববার উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। দুদকের পরিদর্শক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।   

আদালত সূত্র জানায়, কারাগার থেকে আসামি মতিউরকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মো. বোরহান উদ্দিন অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। 

এরপর আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে মতিউর রহমান বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য একটি চক্র সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি কোনো অন্যায় করিনি, দুর্নীতি করিনি।’ 
উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেন আদালত।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়। মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। 

এতে বলা হয়, মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

×