অসৌজন্যমূলক আচরণ
৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২১:৫৬
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি, হুমকি এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নির্দেশে আজ রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সইয়ে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হলেন- জহিরুল ইসলাম (সুমন), রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা ও আশিকুজ্জামান (নজরুল)।
শোকজ নোটিশে বলা হয়েছে, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেল তাঁর কার্যালয়ে দায়িত্ব পালনকালে ওই চার কর্মকর্তা তাঁর অফিস কক্ষে উপস্থিত হন। এ সময় বিচারপ্রার্থী ও কার্যালয়ের অন্যান্য আইন কর্মকর্তাদের সামনেই তারা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসংযত আচরণ করেন। একই সঙ্গে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের কথিত কর্মকাণ্ড কার্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে। এ ধরনের আচরণ গুরুতর অসদাচরণের পাশাপাশি রাষ্ট্রীয় কাজে বিঘ্ন সৃষ্টির শামিল। এ অবস্থায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
