প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিকে অন্যতম বড় চ্যালেঞ্জ শিক্ষার্থীদের অনুপস্থিতি
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২১:৫১
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পাঠদানের মান আগের তুলনায় উন্নত হয়েছে। তবে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এখন প্রাথমিক শিক্ষার অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁওয়ের তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসে না। এ সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের আশা, এসব উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি জানান, গত চার মাসে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখা গেছে, অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করছেন এবং শিক্ষার পরিবেশও সন্তোষজনক।
ববি হাজ্জাজ বলেন, রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা নিরূপণে একটি বড় প্রকল্পের আওতায় মূল্যায়ন কার্যক্রম চলছে। আগামী এক মাসের মধ্যে ঢাকার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সম্পন্ন করা হবে।
শহর ও গ্রামের শিক্ষার্থীদের শেখার সক্ষমতার মধ্যে পার্থক্য থাকলেও শহরাঞ্চলেও শেখার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথায় কী ধরনের সমস্যা রয়েছে– তা নির্ধারণে নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন চালানো হচ্ছে। শিক্ষা কর্মকর্তাদের প্রতিবেদনের পাশাপাশি সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।
শিক্ষকদের দক্ষতা উন্নয়নে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন নীতিমালায় শিক্ষকদের বেতন কাঠামো, দায়িত্ব, কর্মমূল্যায়ন, প্রশিক্ষণ, ধারাবাহিক পেশাগত উন্নয়ন (সিপিডি) এবং উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম নতুনভাবে সাজানো হবে। পাশাপাশি কোন শিক্ষক কখন এবং কী ধরনের প্রশিক্ষণ পাবেন, সেটিও নির্ধারণ করা হবে।