উগ্রপন্থায় জড়িত বলে সন্দেহ
সেই ৬ জনকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৮:৩১ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১১:২৩
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে গ্রেপ্তার ছয়জনকে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত রোববার তিন দিনের রিমান্ড নিয়ে তাদের মিন্টোরোডে সিটিটিসি কার্যালয়ে রাখা হয়। সেখানেই সেলের সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
গত রোববার সকালে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে শাহ আমানাত সাবির, হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং মো. বায়োজিদকে আটক করে পুলিশ। সাবির ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামে স্ব-প্রতিরক্ষা বা মার্শাল আর্টভিত্তিক প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা। এফসিএসের আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কার্যক্রম পরিচালনা করা হয় বলে অভিযোগ রয়েছে।
ছয়জনকেই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা উগ্রপন্থায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক সমকালকে বলেন, গ্রেপ্তার ছয়জনকে সিটিটিসি কার্যালয়ে রাখা হয়েছে। বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এখনও বলার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
- বিষয় :
- জিজ্ঞাসাবাদ