ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৩:১২

ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি আরব। এ ব্যবস্থায় ট্যুর বুকিংয়ের সঙ্গেই একীভূত থাকবে ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া। বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে আপাতত এ সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে।

সৌদি আরব জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটিতে ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে পর্যটন ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালুর পর এবার ‘প্যাকেজ ভিসা’ যুক্ত হওয়ায় ভ্রমণকারীরা আরও সমন্বিত সেবা পাবেন।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরবে ২ কোটি ৯০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।

সৌদির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, সৌদি আরবের পর্যটন খাত দ্রুত বিকশিত হচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশটিতে সফরকে আরও সহজ ও নির্বিঘ্ন করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ‘প্যাকেজ ভিসা’ চালু করা হয়েছে।

তিনি বলেন, ট্যুর বুকিংয়ের সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়া একীভূত হওয়ায় পুরো ভ্রমণ পরিকল্পনা আগের তুলনায় অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় বাড়াবে এবং সৌদি আরবকে আরও সহজে ভ্রমণযোগ্য বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ফ্লাইট, আবাসন ও ভিসার ব্যবস্থা করতে হবে না। একটি প্যাকেজের মধ্যেই এসব সেবা বুক করা যাবে। পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও ভ্রমণ অভিজ্ঞতাও প্যাকেজে যুক্ত করার সুযোগ থাকবে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগের ফলে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটররা আরও আকর্ষণীয় ট্যুর প্যাকেজ তৈরি করতে পারবেন। পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়ন, পর্যটকদের দীর্ঘ সময় অবস্থানে উৎসাহিত করা এবং আরও উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

তবে ‘প্যাকেজ ভিসা’ কেবল সেইসব অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে পাওয়া যাবে, যারা সৌদি কর্তৃপক্ষ নির্ধারিত সেবার মান পূরণ করে এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা প্রদান করে।

সৌদি ট্যুরিজম অথরিটি (এসটিএ) বিশ্বজুড়ে সৌদি আরবকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পর্যটন কর্মসূচি, ট্যুর প্যাকেজ ও ব্যবসায়িক সহায়তার মাধ্যমে দেশটির পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে। বর্তমানে সংস্থাটি বিশ্বের ৩৮টি দেশে ১৬টি আঞ্চলিক প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
 

আরও পড়ুন

×