ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

টেলিটক বিক্রি করবে না সরকার: আইসিটি মন্ত্রী

টেলিটক বিক্রি করবে না সরকার: আইসিটি মন্ত্রী
×

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৮:২৯

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রি করবে না সরকার। টেলিটক ক্রয় কিংবা অংশীদার হতে বিভিন্ন কোম্পানি আগ্রহ প্রকাশ করলেও প্রতিষ্ঠানটি বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার রাজধানীর আইসিটি বিভাগে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা বিক্রি করব না। আমরা টেলিটককে আপগ্রেড করব। কারণ কম্পিটিশনের বাজারে আমরা না থাকলে অন্য অপারেটররা সুযোগ নেবে।’

সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওন রাষ্ট্রায়ত্ত দুটি কোম্পানি টেলিটক ও বিটিসিএলের অংশীদারত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে। সরকারকে পাঠানো এ সম্পর্কিত চিঠিতে টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কিনে নেওয়ার বা বিনিয়োগের আগ্রহ দেখায় ভিওন।

নগদ বিক্রি হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, নগদ নিয়ে মামলা আছে; সেই মামলা নিষ্পত্তি হলে পরে সরকার সিদ্ধান্ত নেবে। তবে নগদ বিক্রি করা হবে না বলেও ইঙ্গিত করে মন্ত্রী বলেন, নগদ সরকারের হাতে আছেই বলেই প্রতিযোগী অন্য এমএফএস ইচ্ছে মতো চার্জ নিতে পারছে না। 

অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নগদ থেকে ‘হাজার কোটি টাকা লুটপাটের’ তথ্য পাওয়ার কথা বলেছিল। ওই টাকা উদ্ধারে সরকার কী করছে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘এগুলো দুদক দেখবে। দুদক নিশ্চয়ই এটা নিয়ে কাজ করছে। তবে একবার মানুষের পকেটের টাকা চলে গেলে তা বের করা কঠিন।’

নানাভাবে গ্রাহকের টাকা কেটে নেওয়ার অভিযোগ আছে টেলিযোগাযোগ কোম্পানিগুলোর বিরুদ্ধে। বিটিআরসিতে এ নিয়ে শত শত অভিযোগ জমা হলেও তার সুরাহা হয় না– এ বিষয়ে মন্ত্রী বলেন, তিনি বিষয়টি দেখবেন।

বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি খাতে নতুন কোনো প্রকল্প নিয়ে আসছে কিনা– এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব গ্রহণ চার মাসের মতো হলো। বিগত আওয়ামী লীগ সরকার অপ্রয়োজনীয় অনেক প্রকল্পে টাকা খরচ করেছে। অনেক দুর্নীতি হয়েছে। অনেক হাইটেক পার্ক করেছে, সেগুলো পড়ে আছে। এগুলো কীভাবে কার্যকর করা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি।

আরও পড়ুন

×