ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল

চিকিৎসা ব্যয় বৃদ্ধির আশঙ্কা বিরোধী দলীয় নেতার

চিকিৎসা ব্যয় বৃদ্ধির আশঙ্কা বিরোধী দলীয় নেতার
×

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০০:৪০

সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার সংসদে বিশেষ কমিটি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল-২০২৬ এর প্রতিবেদন দেওয়ার পর তিনি বলেন, মুনাফা ও অলাভজনক ব্যবস্থার কথা বলা হয়েছে। যখন হাসপাতাল থেকে আয়ের ইচ্ছা থাকবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয় বাড়বে। বাজেটে জনগণের চিকিৎসা ব্যয় কমানোর কথা বলা হলেও, বিলটি এই চেতনার বিপরীত।

এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন প্রতিবেদন পেশ করার পর পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, কোম্পানিকে হাসপাতালে সুযোগ দেওয়া হলে অসুস্থ প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হবে। এর মাধ্যমে জনগণের প্রাপ্তির চেয়ে একটি বিশেষ গোষ্ঠীর প্রাপ্তি বেশি হওয়ার আশঙ্কা আছে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনি একজন খ্যাতিমান চিকিৎসক। বিলটি কেবল উপস্থাপিত হয়েছে। বিবেচনার সময় আপনাকে দীর্ঘ সময় দেওয়া হবে, তখন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন।

অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়তের  সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, বিশেষ কমিটির সদস্য হওয়া সত্ত্বেও তাঁকে সভার নোটিশ দেওয়া হয়নি। সকাল ১০টায় কমিটির সভা ছিল। তাঁকে সভাপতির ব্যক্তিগত সচিব ফোন করেন ১০টা ১৯ মিনিটে। আর ম্যাসেজ করে জানানো হয় ৯টা ১৯ মিনিটে। 

রফিকুল ইসলাম বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মত গুরুত্বপূর্ণ বিলের ওপর সভার নোটিশ কী মেসেজে দেওয়া যায়? ম্যাজিক জানা না থাকলে এই অল্প সময়ে উপস্থিত হওয়া সম্ভব নয়। আমাকে যথাসময়ে খবর দেওয়া হলো না কেন?

এ অভিযোগে স্পিকার বিশেষ কমিটির সভাপতিকে ভবিষ্যতে সতর্ক হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরণের ব্যাপারে প্রত্যেক এমপিকে যথেষ্ট সময় দিয়ে নোটিশ দিতে সভাপতিকে অনুরোধ জানাচ্ছি। ভুলভ্রান্তি হতে পারে, তবে ভবিষ্যতে যাতে না হয় সে ব্যাপারে যত্নবান হতে হবে।

আরও পড়ুন

×