ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকতেন সিকিউরিটি গার্ড, প্রধানমন্ত্রীর উপহারে আবেগাপ্লুত
নিরাপত্তারক্ষী আব্দুস সালামকে প্রধানমন্ত্রীর উপহার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৪:৩৯
রাজধানীর রমনা এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন নিরাপত্তারক্ষী আব্দুস সালাম। প্রতিদিনের মতো দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে শুভেচ্ছা জানাতেন তিনি। তাঁর সেই নীরব ভালোবাসা ও সম্মান প্রদর্শনের বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে তাঁর পক্ষ থেকে আব্দুস সালামের জন্য উপহার পাঠানো হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর হাতে উপহার তুলে দেন এবং তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।
জানা গেছে, পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম অর্থনৈতিক সংকটের কারণে গত আট মাস ধরে রাজধানীর সাবেক রমনা থানার সামনে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পেশায় গাড়িচালক ছিলেন। স্ট্রোক করার পর আর গাড়ি চালাতে না পারায় এই পেশায় যোগ দেন। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী সচিবালয়ে যাতায়াতের সময় প্রায় প্রতিদিনই বুথের সামনে হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। তাঁর এই আন্তরিকতা একসময় প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তাঁর খোঁজখবর নিতে এবং উপহার পৌঁছে দিতে অতিরিক্ত প্রেস সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি, আমার এই ছোট্ট কাজ প্রধানমন্ত্রীর নজরে পড়বে। তিনি আমার জন্য উপহার পাঠাবেন, এটা ভাবতেও পারিনি।’
তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি প্রতিদিন তাঁকে সালাম দিই। তিনিও গাড়ির ভেতর থেকে হাসিমুখে আমাকে শুভেচ্ছা জানান। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁদের ভাষ্য, একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির প্রতি প্রধানমন্ত্রীর এমন সাড়া একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- তারেক রহমান
- উপহার