রূপালী ব্যাংকে ৮০১ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ দুর্নীতির অনুসন্ধানে দুদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ২১:৫৮
২০১৪ সালে রূপালী ব্যাংকে ৮০১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযোগটি অনুসন্ধান করছে।
ব্যাংকটিতে পদোন্নতি, প্রশিক্ষণ ও গৃহ নির্মাণ ঋণ বিতরণে দুর্নীতিসংক্রান্ত তথ্যও রয়েছে অনুসন্ধান টিমের হাতে। এসব অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৮০১ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ, পদোন্নতিতে অনিয়ম, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষে টিম কমিশনের প্রতিবেদন জমা দেবে। এরপর কমিশন সেটি পরীক্ষা-নিরীক্ষা করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
জানা গেছে, নিয়োগ দেওয়া ৮০১ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত, মৌখিক পরীক্ষা, পরীক্ষার উত্তরপত্রসহ নানা কাগজপত্র চেযে চেয়ে সম্প্রতি ব্যাংকের এমডি ও সিইও বরাবর চিঠি দিয়েছে দুদক।
নিয়োগ, পদোন্নতিসহ ওইসব অভিযোগ সম্পর্কে পাঁচ কর্মকর্তাকে গত ৭ জুলাই রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই পাঁচ কর্মকর্তা হলেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তাপসী রায়, তানভীর আহম্মেদ চৌধুরী, মনির হোসেন, অমৃত কুমার বারুরী ও মো. আখেরুল ওয়ালি।