ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২১:০৪

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে তিনজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা নিত্য চন্দ্র সেন (৪০), মো. শামীম (৪৬) ও আবজালুল হাসান (৫৬)।

বিআরটিএ জানায়, অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালতে আটক ছয়জনের মধ্যে তিনজন নিজেদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানের সময় প্রতারক চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও কাগজপত্র নিয়ে প্রতারণা করে। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×