ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

১৯ জুলাই জাবেদের দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নেবে দুদক

১৯ জুলাই জাবেদের দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নেবে দুদক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০১:২৬

আগামী ১৯ জুলাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন ঢাকার গুলশানের দুটি ফ্ল্যাটের তালা খুলে সেগুলোর নিয়ন্ত্রণ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের আদেশ অনুযায়ী রিসিভার হিসেবে দুদক ফ্ল্যাট দুটির দখল নেবে।

দুদক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত গত ২৯ এপ্রিল ফ্ল্যাট দুটির তালা খুলে দুদকের নিয়ন্ত্রণে নেওয়ার অনুমতি দেন। এর আগে গত ১২ জানুয়ারি আদালত ফ্ল্যাট দুটির রিসিভার হিসেবে দুদককে নিয়োগ দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা খুলতে আদালতের অনুমতি চেয়ে আবেদন করলে তা মঞ্জুর হয়।

আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়, ফ্ল্যাট দুটির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য কমিশনের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট রিসিভার হিসেবে দায়িত্ব পালন করবে।

দুদক জানিয়েছে, ১৯ জুলাই তালা খোলার সময় ঢাকার গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থাকবেন। তালা খোলার পর তাঁর উপস্থিতিতে ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা (ইনভেন্টরি) করা হবে।

ফ্ল্যাট দুটি গুলশানের নর্থওয়েস্ট বি ব্লকের ১১ নম্বর প্লটে শান্তা হোল্ডিংস লিমিটেড নির্মিত ‘চিত্রা’ ভবনের অষ্টম তলায় অবস্থিত। এর একটি ৩ হাজার ৭৪৭ বর্গফুটের (এ–৭) এবং অন্যটি ৩ হাজার ৮৩২ বর্গফুটের (বি-৭)। পরবর্তী সময়ে ফ্ল্যাট দুটি ভাড়া দিয়ে প্রাপ্ত অর্থ ব্যাংক হিসাবে জমা রাখার ব্যবস্থা করবে দুদক।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ অনুসন্ধান দল সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং বিদেশে সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে। সেই তদন্তের অংশ হিসেবে ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণ নিচ্ছে সংস্থাটি।

এর আগে দুদকের আবেদনের পর আদালত জাবেদের নামে থাকা মোট আটটি ফ্ল্যাট জব্দ ও সেগুলোর জন্য রিসিভার নিয়োগের আদেশ দেন।

গত বছরের ৮ জুলাই আদালতের আদেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গুলশানের চারটি জব্দ ফ্ল্যাটের তালা খুলে সেগুলোর নিয়ন্ত্রণও নেয় দুদক।

আরও পড়ুন

×