চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট। আর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
ভোটার তালিকা আইন অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ ২০০৮ সালের ৩১ জুলাই নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় চিঠিতে। আর আগামী ৩১ জুলাই পর্যন্ত ভোটার হতে নিবন্ধন করা যাবে বলেও জানানো হয়। চিঠিতে এই কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ছয় কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার এক হাজার ২৪৩ জন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তথ্য চেয়েছে ইসি
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) কাছে চার স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সর্বশেষ নির্বাচনের বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব প্রতিষ্ঠানের ভোট গ্রহণের তারিখ, শপথ গ্রহণ, প্রথম সভা, মেয়াদ শেষ হওয়ার সময় এবং নির্বাচনের জন্য যোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা জানতে চেয়েছে সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চারটি চিঠিতে এসব তথ্য জানতে চাওয়া হয়েছে। এতে ৩১ জুলাইয়ের মধ্যে এ-সংক্রান্ত হালনাগাদ তথ্য বা বর্তমান অবস্থা জানানোর অনুরোধ করা হয়েছে।
চারটি পৃথক চিঠিতে ইসি জানায়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন আয়োজনের জন্য এই তথ্যগুলো অত্যন্ত জরুরি। চিঠিতে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতা, বিচারাধীন মামলা বা আদালতের স্থগিতাদেশ আছে কিনা, তা নিশ্চিত করতেও এলজিডিকে বলা হয়েছে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতে দ্রুত এসব বিষয় নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে দেশে ১৩টি সিটি করপোরেশন, ৫০০টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং চার হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। গত দুই বছরেরও বেশি সময় ধরে কোনো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের হাতে নির্বাচনের বড় ধরনের একটি জট বা বকেয়া কাজ জমেছে।
- বিষয় :
- ভোটার