মান্নান হীরার নাট্যদর্শন আজও প্রাসঙ্গিক: আরণ্যকের অনুষ্ঠানে মামুনুর রশীদ
ছবি: সমকাল/দ্রোহী তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ২৩:৫৮ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ০০:০০
পথনাটকে শিল্পবোধ ও সমাজসচেতনতার সমন্বয় ঘটিয়ে মান্নান হীরা যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বাংলা নাট্যাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আরণ্যক নাট্যদল আয়োজিত পঞ্চম ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, মান্নান হীরা ‘এবং বিদ্যাসাগর’, ‘ময়ূর সিংহাসন’, ‘খেলা খেলা’ এবং দেশ-বিদেশে সমাদৃত একক নাটক ‘লাল জমিন’ তাঁর গভীর জীবনবোধের উজ্জ্বল উদাহরণ।
অনুষ্ঠানে ‘নাট্যচর্চার আধুনিকায়নে বাংলাদেশের একাডেমিশিয়ানদের নিকেশ-কড়চা’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরণ্যকের প্রধান সম্পাদক হারুন রশীদ।
নাট্যকার মান্নান হীরার প্রয়াণের পর থেকে তাঁর জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে আরণ্যক নাট্যদল। গত ৭ জুলাই জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এবারের আয়োজনের সূচনা হয় তাঁর বহুল আলোচিত নাটক ‘ময়ূর সিংহাসন’ দিয়ে।
স্মারক বক্তৃতায় আরও উপস্থিত ছিলেন বিপ্লব বালা, ঠান্ডু রায়হান, মাসুম রেজা, বাবুল বিশ্বাস, মোহাম্মদ বারী, আজাদ আবুল কালাম, অলোক বসু, শহীদুল মামুন, আহাম্মদ গিয়াস, শাহ নেওয়াজ, নাজনীন চুমকি, আসাদুল ইসলাম, মোমেনা চৌধুরী, সামিউন জাহান দোলা, জয়িতা মহলানবিশ, আবু সাঈদ তুলু, তোসাদ্দেক মান্না, সাইফ সুমন, পরিমল মজুমদার, অপু মেহেদী, শামীমা শওকত ও প্রশান্ত হালদার।
- বিষয় :
- মামুনুর রশিদ
- নাটক
- মান্নান হীরা