জুবাইদাকে পাশের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন ডিএমসি’র কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। ছবি: বাসস
বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৫:৫৩ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৫:৫৮
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের আগমনে উৎসবমুখর হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা।
শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেন। ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে ডা. জুবাইদা রহমান এ হোস্টেলেই থাকতেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোস্টেলের মূল ফটকের সামনে আগে থেকেই অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা। তারেক রহমান ও ডা. জুবাইদাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা হোস্টেলে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন।’
এ সময় অতীতের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি। আগে যখন জুবাইদাকে মেডিকেলে নিয়ে আসতাম, তখনও তাকে আমার পাশে, সামনের সিটে বসিয়েই আনতাম।’
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘আজ অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে।’
বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সবসময় সামনের দিকে তাকাতে হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে। মনের ভেতর রাগ-ক্ষোভ পুষে রাখলে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে। একদিন যেন এই মেডিকেল কলেজ নিয়ে আমরা গর্ব করতে পারি।’ অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।