ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বাকস্বাধীনতার পাশাপাশি বাকসংযমও থাকা উচিত: বিটিআরসি চেয়ারম্যান

বাকস্বাধীনতার পাশাপাশি বাকসংযমও থাকা উচিত: বিটিআরসি চেয়ারম্যান
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৬:৪২

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধে নাগরিক সচেতনতা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি বলে মনে করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

শনিবার রাজধানীর তেজগাঁও এফডিসি মিলনায়তনে সামাজিক অস্থিরতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, বাকস্বাধীনতার পাশাপাশি বাকসংযমও থাকা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপরাধীরা ব্যক্তির মানহানি, আর্থিক প্রতারণা, ঘৃণা ও সহিংসতায় উসকানি দিয়ে থাকে। ডেসটিনি, ইভ্যালির মতো অনেক প্রতিষ্ঠান অনলাইন মাধ্যম ব্যবহার করে আর্থিক প্রতারণা করেছে। অনলাইন জুয়ার টাকা লেনদেনের মাধ্যম চিহ্নিত করা গেলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। 

তিনি আরও বলেন, সমাজে যা ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাংশ প্রতিফলিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার কখনো কখনো নিষ্ঠুরতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বর্তমানে ফেসবুক এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যা অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও বেশি শক্তিশালী। তাঁর ভাষ্য, সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া জুয়া প্রতিরোধ আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। 

তিনি জানান, গতবছর বিটিআরসি ২৬ হাজার অনলাইন জুয়া সাইট বন্ধ করেছে এবং ২০ হাজার ঘৃণিত বক্তব্য বিভিন্ন সাইট থেকে অপসারণ করেছে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কিছু কিছু অসাধু চক্র ও গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে লিপ্ত রয়েছে। মিথ্যা, গুজব ও বানোয়াট তথ্য প্রচার করে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে এসব অসাধু চক্র। তাদের এসব হঠকারী কনটেন্টের কারণে সাম্প্রদায়িক দাঙ্গা, গণপিটুনি, ভাঙচুর, রক্তপাত এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে।

‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন

×